কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তসহ আট দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এতে কুষ্টিয়া-ঝিনাইদহগামী পরিবহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
শিক্ষার্থীদের বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। পরে সন্ধ্যা ৭টার দিকে আট দফা দাবি পেশ করে আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। একই সঙ্গে মঙ্গলবার প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীদের ৮ দফা দাবি-
১. বিচার বিভাগীয় তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত
২. বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের
৩. নিহত সাজিদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
৪. ক্যাম্পাসে পর্যাপ্ত সিসিটিভি স্থাপন ও শতভাগ নিরাপত্তা নিশ্চিত
৫. প্রশাসনের ব্যর্থতার দায় স্বীকার করে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা
৬. ভিসেরা রিপোর্ট দ্রুত প্রকাশ
৭. তদন্তে পিভিআই (পাবলিক ভিজিলেন্স ইনিশিয়েটিভ) বা নিরপেক্ষ সংস্থাকে দায়িত্ব দেওয়া
৮. তদন্তে শিক্ষার্থীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত
সোমবার সন্ধ্যায় পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থী সাজিদ আনুমানিক ৩০ ঘণ্টা আগে মৃত্যুবরণ করেন। ১৮ জুলাই সকাল ৯টা ৩০ মিনিটে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুমন রহমান জানান, ভিসেরা রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাজিদ ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে খেলার পর ক্যাম্পাসের জিয়া মোড়ে শেষবার দেখা যায়। তখন তার পরনে যে পোশাক ছিল, মরদেহেও সে একই পোশাক পাওয়া গেছে। পরদিন তার লাশ উদ্ধার করা হয়। এরপর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, তদন্তের বিষয়ে আমরা সর্বোচ্চ আন্তরিক। শিক্ষার্থীদের বোঝাতে ও উপ-উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করলেও তারা সাড়া দেয়নি।
রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, সাজিদের বাবা একটি মামলা করেছেন। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পৃথক মামলা করার চিন্তা নেই। তবে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আবাসিক হল প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করে কাজ শুরু করেছে বলে জানা গেছে।