সিলেটের গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘সায়েল ব্রিক্স’ নামক একটি অবৈধ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার বিকালে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ভূমি অফিস, ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স ও থানা পুলিশের সমন্বয়ে উপজেলার ৫ নম্বর আলীরগাঁও ইউনিয়নের লাফনাউটের বেকরা এলাকায় সায়েল ব্রিক্স ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম বলেন, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের ছাড়পত্র না থাকায় এবং সনাতন পদ্ধতিতে অবৈধভাবে ইট প্রস্তুত করার অভিযোগে এবং পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত্ কুমার পাল জানান, অবৈধভাবে দীর্ঘ দিন থেকে ‘সায়েল ব্রিক্স’ পরিবেশ নষ্ট করে ব্যবসা পরিচালনা করে আসছে। যার পরিপ্রেক্ষিতে অভিযান এবং ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এ উপজেলায় পরিবেশ ধ্বংশকারী আরো কয়েকটি ইটভাটা আছে। এগুলোতেও খুব শিগগিরই অভিযান পরিচালনা করা হবে—জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।