ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লুসিএল) মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত–পাকিস্তানের। রোববার (২০ জুলাই) বার্মিংহামের এজবাস্টনে মাঠে নামার কথা ছিল এই দুই দেশের সাবেক ক্রিকেটারদের। অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হলেও ম্যাচ ঘিরে আগ্রহ ছিল দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।
তবে ভারত চ্যাম্পিয়নস দলটির ৫ ক্রিকেটার—ইউসুফ পাঠান, ইরফান পাঠান, হরভজন সিং, সুরেশ রায়না ও শিখর ধাওয়ান পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি না হওয়ায় ম্যাচটি বাতিল করতে বাধ্য হন আয়োজকেরা। দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার কারণে পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানান এই পাঁচ ক্রিকেটার।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট। নিজের ইউটিউব চ্যানেলে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হওয়া নিয়ে মুখ খুলেছেন তিনি।
চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সালমান বলেন, ‘গোটা বিশ্ব এই (ম্যাচ বাতিল) নিয়ে আলোচনা করছে। ওরা সমর্থকদের কী বার্তা পাঠালো? ওরা কী দেখাতে চাইছে? কী প্রমাণ করতে চাইছে? এবার বিশ্বকাপে আমাদের বিরুদ্ধে খেলো না। অলিম্পিকে আমাদের বিরুদ্ধে খেলো না। এই প্রতিশ্রুতি দিতে পারবে? ক্ষমতা থাকলে বিশ্বকাপ, অলিম্পিকে পাকিস্তান ম্যাচ বাতিল করে দেখাও। চ্যালেঞ্জ থাকলো।’
কোনও ভাবেই রাজনীতির সঙ্গে খেলোধুলাকে জড়িয়ে ফেলা উচিত নয় উল্লেখ করে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘সবকিছুর আলাদা জায়গা আছে। রাজনীতি আর খেলাধুলা এক নয়। তোমরা রাজনীতির সঙ্গে খেলোধুলাকে জড়িয়ে ফেলছো। দয়া করে, আমাদের বিরুদ্ধে কোনো প্রতিযোগিতায় খেলো না। আমি দেখতে চাই, সেটা পারো কি না। আমি দেখতে চাই, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় তোমরা কতটা দেশভক্তি দেখাতে পারো।’
ম্যাচ বাতিল করায় আয়োজকদেরও সমালোচনা করেছেন সালমান। তিনি বলেন, ‘ওদের মানসিকতা আমি বুঝতে পারছি না। কারা এই সব সিদ্ধান্ত নেয়? চার-পাঁচ জন ঠিক করল যে খেলবে না। ওদের জন্য ম্যাচটাই বাতিল হয়ে গেল। আয়োজকেরা চাপে পড়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল। এটা মেনে নেওয়া যায় না।’