ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের সাথে ধাক্কা লেগে প্রাইভেটকার পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা পৌনে ৩ টায় মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঢাকাগামী লেনে ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে পুকুরে পড়ে যায় প্রাইভেটকারটি। এতে নিহত হয় গাড়ির চালক।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা কয়েকজন হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ প্রাইভেটকারটি একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সোজা পুকুরে পড়ে যায়। পরে আমরা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মৌন বসাক বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি প্রাইভেটকার পানিতে ডুবে আছে। স্থানীয়রা চালককে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠিয়েছে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহত প্রাইভেটকারের চালক কুমিল্লা শহরের কাড়া সড়ক পুলিশ লাইন ঝাউতলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. সাইফুল্লাহ। পুলিশ প্রাইভেটকারটি উদ্ধারে কাজ করছে।