রোহিঙ্গা শরণার্থীদের জন্মসনদ ইস্যু

নাগেশ্বরীতে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নাগেশ্বরীতে রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ায় দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৬ জুলাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

ঐ মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, উপজেলার ৬ নম্বর সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী লাকু ও ১২ নম্বর নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান জন্ম ও মৃত্যুসনদ নিবন্ধন বিধিমালা ২০১৮-এর বিধি ৯ ও ১০  ধারা প্রতিপালন না করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন কুতুপালং শরণার্থী শিবিরের রোহিঙ্গা শরণার্থীদের জন্মসনদ প্রদান করেন। রোহিঙ্গা শরণার্থী ফাতেমা খাতুন (২৬), মীম খাতুন (২৫), আলেয়া খাতুন (২৬), নুড়িকা খাতুন (২৫) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী আরিফা খাতুনের আত্মীয় পরিচয়ে ঐ দুই ইউনিয়নের জন্মসনদ নেন। তারা গত ৩ এপ্রিল মালয়েশিয়া গমনের উদ্দেশে কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে সহযোগী আরিফা খাতুনসহ আটক হয়।

নারায়াণপুর ইউপি মজিবর রহমান বলেন, আমরা এখনো ঐ আদেশের কাগজ পাইনি। 

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, খুব শিগগিরই ঐ দুই ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে পৃথক সভা করে সর্বসম্মতিক্রমে তাদের মধ্য থেকে দুই ইউনিয়নের দুই জনকে দায়িত্ব দেওয়া হবে।