বামনায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার এক

বামনা উপজেলার উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ধর্ষিতার বাবা মঙ্গলবার ধর্ষণ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ  মোটরসাইকেল চালক প্রণব চন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করে বুধবার জেলহাজতে পাঠিয়েছে।

মামলার আসামিরা হলো- উত্তর গুদিঘাটা গ্রামের কুমেদ বিশ্বাসের ছেলে প্রণব চন্দ্র বিশ্বাস, একই গ্রামের অবিনাশ চন্দ্র হাওলাদারের ছেলে অসীম হাওলাদার ও দক্ষিণ কাকচিড়া গ্রামের স্বপন হাওলাদারের ছেলে মাসুদুল আলম অন্তর।

ধর্ষণের দায় স্বীকার করে প্রণব চন্দ্র বিশ্বাস বলেন, সোহেল হাওলাদারের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। সোহেলের সঙ্গেই মেয়েটি গত সোমবার নদীর তীরে একটি জঙ্গলে যায়। সে (প্রণব), অসীম ও অন্তর ঐ পথ দিয়ে যাচ্ছিল। ঝোপের মধ্যে কিছু একটা ঘটছে দেখে তারা সেখানে যাই। এ সময় মেয়েটির প্রেমিক সোহেল পালিয়ে যায়। পরে মেয়েটিকে প্রণব, অসীম ও অন্তর পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদুজ্জামান বলেন, ধর্ষক প্রণবকে তাত্ক্ষণিক গ্রেফতার করা হয়েছে। তাকে বরগুনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছি।

ভুক্তভোগী ঐ শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। তবে ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে জড়িত থাকার বিষয়টি সন্দেহ ও মামলার আসামি না হওয়ায় সোহেল হাওলাদারকে ছেড়ে দেওয়া হয়েছে।