ফাইনাল খেলায়ও তাদের পরাজয় হবে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের খেলায় যারা ফেল করেছে, ফাইনাল খেলায়ও তারা ফেল করবে। গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ইনডোর স্বাস্থ্য সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রার্থিতা বাতিল সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। এখানে সরকারের কিছু করার নেই। ঋণ খেলাপি, বিল খেলাপি এবং একটি মনোনয়নপত্র যারা নির্ভুলভাবে পূরণ করতে পারে না, তারা কিভাবে দেশ চালাবে? এ ধরনের দল ও নেতাদের কাছ থেকে দেশের জনগণ কিছু আশা করে না।

মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ নির্বাচনের মাঠে খেলতে চায়। আমরা খেলে বিজয়ী হতে চাই। তাই যোগ্য প্রার্থী ঠিক করার ক্ষেত্রে ছোটখাট ভুল-ত্রুটি বিশেষ বিবেচনায় মাফ করে দেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান। জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকজন নেতার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্নেহধন্য কয়েকজন আজ হীনস্বার্থ চরিতার্থের জন্য জাতির পিতার খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের সঙ্গে হাত মিলিয়েছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এ দেশের জনগণ কখনোই তাদের সমর্থন করবে না। আদর্শচ্যুত নীতিহীন মানুষদের নিয়ে গড়া ঐক্যের প্রতি এ দেশের জনগণের সায় নেই। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০০০ সালে আওয়ামী লীগ সরকার উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল উদ্বোধন করে। ২০০১ সালে বিএনপি ক্ষমতা গিয়ে এ হাসপাতাল শুধু বন্ধ করেনি, ব্যক্তির হাতে এটি তুলে দিয়েছিল লুটপাটের জন্য। দীর্ঘ এক যুগ পর আদালতের রায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এ হাসপাতাল আবার চালু করেছি। এতে জনগণ উপকৃত হবে। আর এ কারণেই আগামী নির্বাচনে জনগণ নৌকাকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আমিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রী কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ইনডোর স্বাস্থ্য সেবা কার্যক্রম ঘুরে দেখেন। কয়েক জন রোগীর শয্যাপাশে যান স্বাস্থ্যমন্ত্রী।