বন্ধুদের সঙ্গে নৌকায় হাওর ভ্রমণে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরল কলেজছাত্র রাহুল। সে কিশোরগঞ্জ সদর উপজেলার মাথিয়া গ্রামের মামুন মিয়ার ছেলে এবং জেলা শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।
মঙ্গলবার সন্ধ্যার পর রাহুলের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
এর আগে সকালে ছয় বন্ধু মিলে হাওর ভ্রমণের জন্য প্রথমে চামটা বন্দরে যায় রাহুল। সেখান থেকে নৌকায় চড়ে হাওর ভ্রমণে বের হয়। দুপুরের পর নৌকাটি হাওরের আশুতিয়া ব্রিজের নিকট পৌঁছলে তারা নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার কাটতে শুরু করে। একপর্যায়ে রাহুল পানিতে তলিয়ে যায়। অন্যরা নৌকায় উঠে এসে রাহুলের স্বজনদের খবর জানায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ময়মনসিংহ থেকে ফায়ার ব্রিগেডের ডুবুরীরা সন্ধ্যার পর রাহুলের লাশ উদ্ধার করে। করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, অভিভাবকদের সম্মতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে কলেজছাত্রের লাশ হস্তান্তর করা হয়েছে।