ইংল্যান্ড সিরিজের মাঝে বড় দুঃসংবাদ পেলো ভারত

শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন ব্যাটিংয়ের সময় পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। স্ক্যান রিপোর্টে জানা গেছে, পান্তের ডান পায়ের পাতার হাড় ভেঙে গেছে। চোট পুনর্বাসনসহ সবমিলিয়ে ৬-৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, চলমান চতুর্থ টেস্টে আর উইকেটকিপিংয়ে দাঁড়াবেন না পন্থ। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিংয়ে নামবেন কি না সেটি বিসিসিআইয়ের মেডিকেল বিভাগের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন ভারতীয় ম্যানেজমেন্ট। ওল্ড ট্রাফোর্ডে গতকাল (বুধবার) থেকে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট শুরু হয়েছে। ভারতের প্রথম ইনিংসে ক্রিস ওকসের ইয়র্কার ডেলিভারি সরাসরি আঘাত করে পান্তের ডান পায়ে। ওই সময় তিনি ৪৮ বলে ৩৭ রানে ব্যাট করছিলেন।

ক্রিকইনফো, ইন্ডিয়ান টাইমসসহ বেশ কয়েকটি গণমাধ্যমে পান্তের ছিটকে পড়ার কথা জানালেও, এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই। তাদের ঘোষণায় অবশ্য পঞ্চম টেস্টের জন্য পান্তের রিপ্লেসমেন্টও জানানো হবে।

ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ব্যাট করার সময় রিভার্স সুইপ করতে গিয়ে ক্রিস ওকসের ইয়র্কার বল পন্থের পায়ে আঘাত করে। পরে দেখা যায় তার পায়ের পাতা ফুলে গেছে। ওপরের অংশে রক্ত বেরোতেও দেখা যায়। ওই সময় ব্যথায় কাতরাতে থাকেন ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার। পরে তাকে রিটায়ার্ড হার্ট দেখিয়ে ক্যাবি অ্যাম্বুলেন্সে করে উঠিয়ে নেওয়া হয়। 

আগের টেস্টে পন্থ হাতে চোট পেয়েছিলেন, সে কারণে চতুর্থ টেস্টে তিনি উইকেটকিপিং না করে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে নামবেন বলে ধারণা করা হচ্ছিল। এবার নতুন করে আক্রান্ত হলো তার পা–ও। দ্রুততম সময়েই তার পায়ের স্ক্যান করানো হয়।