টঙ্গীতে বাসায় ঢুকে স্কুলছাত্রকে খুন

গতকাল বুধবার গাজীপুর মহানগরীর টঙ্গী কাজীপাড়া চন্দ্রীমা এলাকায় বাসায় ঢুকে তউসিফুল ইসলাম মুন্না (১৫) নামে ৮ম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত মুন্না রাজধানীর মগবাজার বিএফ শাহিন একাডেমির ছাত্র। সে কাজীপাড়া এলাকার মো. মিজানুর রহমানের বড় ছেলে। তাদের বাড়ি পটুয়াখালী  জেলার বাউফল থানার দান্ডি গ্রামে। 

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানান, বুধবার সকালে মুন্নার বাবা অফিসে চলে যান। তার মা সকাল সাড়ে ৮টার দিকে মুন্নাকে একা বাসায় রেখে ছোট ছেলেকে নিয়ে স্কুলে যান। পরে মুন্নার মা স্কুল থেকে বাসায় ফিরে মুন্নার নিথর দেহ খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, কে বা কারা এবং কি কারণে মুন্নাকে হত্যা করেছে তা এ মুহূর্তে নিশ্চিত হয়ে বলা সম্ভব নয়। তবে হত্যাকাণ্ডের সময় মুন্না ঘরে একা ছিল। তার পরিচিত কোনো বন্ধু-বান্ধবের ভেতরে কেউ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করছে।

স্বর্ণের দোকানে ডাকাতি

মঙ্গলবার রাতে টঙ্গীর নতুনবাজার এলাকার ভূঁইয়া টাওয়ারে শ্যামল গোল্ড ওয়ার্কস নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা দোকান মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কারসহ নগদ প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতের হামলায় দোকানের মালিক শ্যামল পোদ্দারসহ দুজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। দোকান মালিক শ্যামল পোদ্দার জানান, রাতে চার-পাঁচজন লোক ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। এরপর হঠাত্ ডাকাতরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও ক্যাশ বাক্স ভেঙে দেড় লাখ টাকা নিয়ে চলে যাওয়ার সময় দোকানের সামনে তিনটি হাতবোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়। ডাকাতির ঘটনার খবর পেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনসহ টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পুলিশকে ঘটনার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় জড়িত  সন্দেহে খালেদ হোসেন খান প্রিন্স, মো. খাইরুল ইসলাম, বোরহান মিয়া ও আমজাদ মোল্লা নামে চার জনকে আটক এবং একটি সাদা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৯৫৮৬) জব্দ করা হয়েছে।