এশিয়া কাপের সূচি 'অনিশ্চিত' বল ভারতের কোর্টেই!

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এসিসির ২৫ সদস্য দেশ সতায় অংশ নেয়। যদিও ভারতের কেউ সশরীরে উপস্থিত ছিলেন না। তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সহসভাপতি রাজীব শুক্লা ভার্চুয়ালি যোগ দেন আলোচনায়। বৃহস্পতিবারের সভায় প্রাধান্য পায় আসন্ন এশিয়া কাপের ভবিষ্যৎ, আয়োজক দেশ, ভেন্যু ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের বিষয়টি। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছাতে পারেনি এসিসি। এখনো বল রয়েছে ভারতের কোটেই।

বৈঠকের মুখ্য বিষয় ছিল এশিয়া কাপ। অথচ সেটি নিয়েই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এসিসি। আট দেশ নিয়ে সেপ্টেম্বরে ভারতে হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট। এসিসির নীতিমালা অনুযায়ী, ভারত বা পাকিস্তান আয়োজক হলে টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী এশিয়া কাপের জন্য দুবাই ও আবুধাবিকে সম্ভাব্য ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে বিসিসিআই, তথা ভারত।

এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি বলছেন, এশিয়া কাপের বিষয় পরে জানাবেন। অন্যদিকে গতকাল ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যে টুর্নামেন্টটি ৮-২৮ সেপ্টেম্বর মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখও জানিয়ে দিয়েছে।

তবে এসিসি সভাপতি জানিয়েছেন, টুর্নামেন্টটি নিয়ে এখনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আছে। বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে। আর তার পরই আসবে সূচি। যা প্রকাশ করবে বিসিসিআই। নাকভি বলেন, 'আমরা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করছি। আশা করছি দ্রুতই সমাধান করতে পারবো।'

এশিয়া কাপের একই গ্রুপে ভারত-পাকিস্তান। দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অন্যের বিপক্ষে মাঠে নামবে কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। কেননা ইংল্যান্ডে চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের ম্যাচ থাকলেও তীব্র সমালোচনার মুখে লড়াইটি মাঠে গড়ায়নি। এশিয়া কাপ নিয়ে এসিসি সভাপতি আশাবাদী। তিনি বলেন, 'এটা আসলে পুরোপুরি এসিসি এবং বিসিসিআইয়ের বিষয়। আমি খুব আশাবাদী বাকি ব্যাপারগুলো আমরা দ্রুতই সমাধান করবো।'

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। গত এপ্রিল-মে মাসে পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর, এটি হবে প্রথমবারের মতো দুই দলের মাঠের লড়াই। বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, 'ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের অনুমতির জন্য ভারতীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাগছে বিসিসিআই।'