খালেদা জিয়ার জামিন স্থগিত করেনি চেম্বার আদালত

কুমিল্লায় কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। তবে জামিন স্থগিতের রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চে এ আবেদনের শুনানি হবে।

গত ২৮ নভেম্বর বিচারপতি একেএম আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও কায়সার কামাল শুনানি করেন। 

২০১৫ সালের ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩২ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই মামলায় গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লার জেলা ও দায়রা আদালত খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন। ওই খারিজের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে তার জামিন মঞ্জুর করা হয়।