নূর’স ইভেন্টের আয়োজনে ‘সুফি নাইট’

আগস্টের প্রথম সন্ধ্যা ঢাকার ব্যস্ত শহরকে নিয়ে যাবে এক অনন্য ভাবজগতের দিকে। যেখানে সন্ধ্যার সুরে মিশবে আধ্যাত্মিকতার ছোঁয়া।

আগামী ১ আগস্ট, শুক্রবার, বনানীর ‘যাত্রা বিরতি’তে অনুষ্ঠিত হতে যাচ্ছে- ‘সুফি নাইট’। আয়োজন করেছে নূর’স ইভেন্ট। সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে এই সংগীতানুষ্ঠান, যেখানে মিলবে সুর, কবিতা আর আধ্যাত্মিকতার মৃদুমন্দ ধ্বনি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শামীম হাসান ও সুফি ব্যান্ড দল ‘কাণ্ডারী’। 

সুফি ঘরানার গানে শামীম হাসান বাংলাদেশের এক উজ্জ্বল নাম। বাংলা ও উর্দুতে সুফি সংগীত পরিবেশনে তিনি অনন্য। তার গানে সহজিয়া-মরমিয়া ভাবের যে নিবিড় প্রকাশ, তা শ্রোতাদের অন্তরে দোলা দেয়। দীর্ঘদিন ধরে তিনি সুফি গান, নজরুলগীতি ও কাওয়ালি পরিবেশন করে আসছেন।

এই সন্ধ্যায় শামীম হাসানের সাথে গলা মেলাবে ‘কাণ্ডারী’। লোকসংগীত, সুফি সংগীত আর আধুনিকতার মোহময় মিশেলে ‘কাণ্ডারী’ দেশের শ্রোতাদের কাছে ইতোমধ্যে পরিচিত এক নাম। তাদের পরিবেশনায় ধরা পড়বে প্রেম, মানবতা ও ভাবের মেলবন্ধন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শামীম হাসান ও সুফি ব্যান্ড দল ‘কাণ্ডারী’। ছবি: সংগৃহীত

নূর’স ইভেন্টের কর্ণধার সুমী নূর জানান, এই আয়োজনে বাংলা ও উর্দু সুফি সংগীত ছাড়াও পরিবেশিত হবে নজরুল গীতি, ঐতিহ্যবাহী কাওয়ালি এবং আধুনিকতার ছোঁয়ায় আধ্যাত্মিক সংগীত।

সুমী নূর বলেন, ‘এটি শুধু একটি কনসার্ট নয়- এটি হবে সুর ও ভাবের মিলনমেলা। যেখানে প্রেম, মানবতা আর আত্মার মুক্তির আহ্বান ছড়িয়ে পড়বে গানের ভাষায়। শ্রোতাদের জন্য এটি হতে পারে মনশুদ্ধির এক সন্ধ্যা।’

অনুষ্ঠানটির টিকিট মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। অগ্রিম টিকিটের জন্য আয়োজকদের পক্ষ থেকে +৮৮০ ১৩০০-৫৫৮৭৫০ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।