পাকিস্তানকে স্বেচ্ছায় জিততে দিয়েছে বাংলাদেশ— সাবেক পাক ক্রিকেটারের দাবি  

এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জিতেছিল বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে একাদশে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। ৭৪ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়ায় পাকিস্তান। এই ম্যাচ বাংলাদেশ ইচ্ছে করে হেরেছে বলে মন্তব্য করেছেন সাবেক পাক ক্রিকেটার বাসিত আলি।

গত বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে বাসিত বলেন, ‘বাংলাদেশ সিরিজ জিতেছে, তাদের কৃতিত্ব দিতেই হবে। কিন্তু তারা একদম আলাদা মুডে খেলেছে। তারা চেয়েছে পাকিস্তান যেন একটা ম্যাচ জেতে। এটাই বাস্তবতা।’

বাংলাদেশের ফিল্ডিং ভুল আর ব্যাটিং ভেঙে পড়া নিয়ে বাসিত বলেন, ‘সাহিবজাদার ব্যাটিং পুরো ম্যাচ একতরফা করে দেয়। আর তার প্রভাব বাংলাদেশে স্পষ্ট ছিল। তাদের ব্যাটিং বালুর দেয়ালের মতো ধসে গেছে।’

বাংলাদেশের শরীরী ভাষা নিয়েও মন্তব্য করেন বাসিত। বলেন, ‘তাদের দেখে মনে হচ্ছিল এটা খুব একটা সমস্যা না। মনে হচ্ছিল, ‘ওরা আমাদের ভাই, প্রতিবেশী— একটা ম্যাচ ওরাও জিতুক।’ এটাই ছিল বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসির আলি।

বাসিতের মতো একই কথা বলেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছিলেন, ‘তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তান জিততে পেরেছে। যদিও আমার মনে হয় বাংলাদেশই জেতার সুযোগ দিয়েছে। আগের দুই ম্যাচে যেভাবে ১১০ রান এবং নিজেরা ১৩৩ করে পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল হোয়াইটওয়াশ হবে পাকিস্তান। তবে ওরা (বাংলাদেশ) মনে করেছে আমাদের যা উদ্দেশ্য ছিল, অর্জন করেছি। এখন যারা (একাদশের) বাইরে আছে তাদের সুযোগ দিই।’