ভারতে ধর্মের নামে গণপিটুনির তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লিখেছেন দেশের ৪৯ জন বিশিষ্ট নাগরিক। অপর্ণা সেন, শ্যাম বেনেগাল, রামচন্দ্র গুহ, সৌমিত্র চ্যাটার্জি, অনুরাগ কাশ্যপের মতো ভারতের বহু শিল্পী-সাহিত্যিক-অ্যাক্টিভিস্ট বা চিত্রনির্মাতা ঐ চিঠিতে দাবি জানিয়েছেন এই ধরনের গণপিটুনিকে যাতে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। সরকারের পক্ষে গতকাল পার্লামেন্টে এ ব্যাপারে কোনো জবাব দেওয়া হয়নি। তবে বিজেপি সমর্থক বুদ্ধিজীবীরা পালটা প্রশ্ন তুলছেন এই শিল্পী-সাহিত্যিকরা বেছে বেছে কেন শুধু কয়েকটি ঘটনার ক্ষেত্রেই প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন?
ভারতে সম্প্রতি মুসলিম বা দলিত সম্প্রদায়ের লোকজনকে সংঘবদ্ধ মারধর বা গণপিটুনির যে সব ঘটনা ঘটেছে, তার অনেকগুলোতেই আক্রান্তদের জোর করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়েছিল। এখন ভারতের প্রায় জনাপঞ্চাশেক প্রথম সারির শিল্পী ও বুদ্ধিজীবী এটা ঠেকানোর জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করলেন। বলিউডের বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল বিবিসিকে বলেন, সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত অপরাধ যেমন মুসলিম, দলিত বা সংখ্যালঘুদের পিটিয়ে মারার মতো ঘটনা হঠাত্ করেই খুব বেড়ে গেছে। ভারতের মতো বৈচিত্র্যময় দেশে এটা একটা অশনি সংকেত এবং আরো খারাপ ব্যাপার হলো এগুলো করা হচ্ছে ভগবান রামচন্দ্রের নামে। বেনেগালের মতোই ওই চিঠিতে স্বাক্ষর করেছেন তাঁর সতীর্থ পরিচালক মণিরত্নম, অনুরাগ কাশ্যপ, আদুর গোপালকৃষ্ণন, গৌতম ঘোষ, কেতন মেহটা বা অঞ্জন দত্তরা। অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি, কৌশিক সেন, পরমব্রত চ্যাটার্জি, কঙ্কনা সেনশর্মা, রেবতীর মতো অভিনেত্রীদের নামও আছে ঐ তালিকায়। আছেন সংগীতশিল্পী শুভা মুদগাল বা রূপম ইসলামও।