বগুড়ার শেরপুরে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৩৫তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন।
রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় একাডেমির মহাপরিচালক ড. এ কে এম অলি উল্লাহ-এর সভাপতিত্বে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি)-এর মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
এছাড়া বক্তব্য দেন আরডিএ-র যুগ্ম পরিচালক খালিদ আওরঙ্গজেব, উপপরিচালক মো. মহিউদ্দিন, আন্দালিব মেহজাবীন ও মনিরুল ইসলাম।
সম্মেলনে জানানো হয়, পল্লী উন্নয়ন একাডেমি এখন পর্যন্ত: ৭ লাখ ৬ হাজার ৭৫৯ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়েছে, ৫৮২টি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে এবং ৫১টি প্রায়োগিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছে।
২০২৫–২৬ অর্থবছরের জন্য আরডিএর পরিকল্পনার মধ্যে রয়েছে- ৭৫টি ব্যাচে ৩ হাজার ৫৫৫ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া, ১৯টি গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং ৪টি প্রায়োগিক গবেষণা প্রকল্প চালু করা।
বক্তারা বলেন, উদ্ভাবন, প্রয়োগ ও সম্প্রসারণ—এই তিন স্তম্ভকে ভিত্তি করে আরডিএ একটি টেকসই ও মডেলভিত্তিক পল্লী উন্নয়ন কাঠামো গড়ে তুলেছে, যা দেশের প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সম্মেলনে গবেষক, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী ও সুফলভোগীসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করছে আরডিএ।