পাবনায় সংঘর্ষে নিহত দুইজনের লাশ নিয়ে বিক্ষোভ

পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুজনের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ভাড়ারা ও আওরঙ্গবাদ ভাউডাঙ্গা গ্রামের নারী-পুরুষ মিছিল নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে হাজির হয়।

সেখানে নিহত দুজনের ময়নাতদন্ত শেষ হওয়ার পর মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গ্রামে ফিরে যায়। সেখানে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।

এ দিকে সংঘর্ষ ও হত্যার ঘটনায় গতকাল বেলা ৩টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানায় পাবনা থানা। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, সোমবার রাতে পাবনা সদর উপজেলার আওরঙ্গবাদ ভাউডাঙ্গা গ্রামে আওয়ামী লীগের আবু সাইদ ও সুলতান খাঁ গ্রুপের সংঘর্ষে মালেক শেখ ও লস্কর খাঁ নামে দুজন নিহত হয়।