বাসচালককে মারধরের ঘটনার জেরে তিন দিন ধরে বন্ধ থাকা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে অবশেষে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে প্রথম বাস ছেড়ে যায়।
এর আগে দুই জেলার ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা বৈঠকে বসে। সেখানেই উত্তেজনা নিরসনে ঐকমত্যে পৌঁছালে বাস চলাচল আবার শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।
তিনি বলেন, ‘আজ রাজশাহীতে আমাদের যৌথ বৈঠক হয়েছে। সেখানে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো গেছে। এরই ধারাবাহিকতায় আজ থেকেই বাস চলাচল শুরু হয়েছে। বুধবার থেকে নিয়মিত সিডিউল অনুযায়ী বাস চলবে।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের সুপারভাইজার পিন্টু বলেন, ‘উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এখন সব বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে।’
গত শনিবার (২৬ জুলাই) রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করেন রাজশাহীর কয়েকজন চালক। এর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকেরা রাজশাহীর একটি বাস ভাঙচুর করেন। এরপর বিকেল ৫টা থেকে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এই অচলাবস্থায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অবশেষে প্রায় ৭০ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে।