কক্সবাজারের টেকনাফ-উখিয়া সীমান্তের শীর্ষ রোহিঙ্গা ডাকাত শফিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫, কক্সবাজার। এসময় বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড ও আইস জব্দ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। এসময় র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন র্যাব-১৫'র অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান।
লে. কর্নেল কামরুল জানান, সীমান্তের শীর্ষ সন্ত্রাসী, ডাকাত শফিকে ধরতে দীর্ঘ এক মাস ধরে গোপনে নজরদারি ও অভিযান চলছিল। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যে জানতে পারি, সোমবার রাতে নয়াপাড়া রেজিস্টার্ড ২৬ নম্বর ক্যাম্পের পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে শফি ও তার সহযোগীরা অবস্থান করছে। এ খবরে র্যাব-১৫'র একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে শফি ডাকাতকে ধরতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফিকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি চালায়। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে।
তিনি আরো জানান, ডাকাত শফির দেয়া তথ্য অনুযায়ী গহীন পাহাড়ের আস্তানা থেকে একটি ওয়ান শুটার গান, দুটি একনলা বন্দুক, একটি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শর্টগানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিষ্টাল মেথ (আইস) ও ৩টি গ্রেনেড উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে শফিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।