সোমালিয়ার রাজধানীতে বুধবার বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও মোগাদিসুর মেয়র আহত হয়েছেন। মেয়রের দপ্তরে এ ঘটনা ঘটে। জাতিসংঘের এক দূতকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে আল-শাবাব জিহাদিরা দাবি করেছে। খবর এএফপি’র।
মিশনের টুইটার একাউন্টে বলা হয়, জাতিসংঘের বিশেষ দূত জেমস সোয়ান মোগাদিসুর মেয়র আব্দিররাহহমা ওমর ওসমানের সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন। বানাদির জেলার সদরদপ্তর ত্যাগ করার একেবারে আগ মুহূর্তে এ বিস্ফোরণ ঘটানো হয়।
তথ্যমন্ত্রী মোহাম্মাদ আব্দি হায়ির মারিয়ি সাংবাদিকদের বলেন, ‘বুধবার দুপুরের ওই সন্ত্রাসী হামলায় ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন জেলা কমিশনার ও তিনজন পরিচালক রয়েছেন।’
বিস্ফোরণে মেয়রসহ আরো পাঁচজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব জিহাদি গ্রুপ ‘ভালো প্রস্তুতি নিয়ে চালানো এ হামলার’ দায়িত্ব স্বীকার করে বলেছে, তারা সোয়ানকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছিল।
আরও পড়ুনঃ ফারুক হত্যা: জামায়াতের সাঈদীসহ ১০৪ আসামির বিচার শুরু
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র জানায়, কর্মকর্তাদের বৈঠক চলার সময় আত্মঘাতী এক বোমা হামলাকারী সভাকক্ষে ঢুকে পড়ে বোমার বিস্ফোরণ ঘটায়। উপ মেয়র মোহাম্মাদ আব্দুলাহি তুলাহ সরকারি বেতার কেন্দ্র মুখদিসু’কে বলেন, ‘বিস্ফোরণে মেয়র আহত হয়েছেন এবং তাকে বর্তমানে চিকিৎসা দেয় হচ্ছে। এতে মোগাদিসু জেলার কয়েকজন কমিশনার আহত হন।’
ইত্তেফাক/টিএস