নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়কে এ মিছিল বের করা হয়।
মিছিলটি চৌমুহনীর বাজারের হাসান সড়কে গিয়ে শেষ হয়। সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।
স্থানীয়রা জানায়, আজ বিকেল পৌনে ৪টার দিকে চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণকে কয়েকটি ফেস্টুন ও ছাত্রলীগের একটি ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেয়।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, ‘চৌমুহনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’