ফরিদপুরে রোপা আমনের অধিক ফলন, প্রায় ৩০ হাজার মেট্রিক টন চাল পাওয়ার আশা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৩:৫৯

ফরিদপুরের মধুখালী উপজেলায় চলতি মৌসুমে রোপা আমন ধানের আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হওয়ায় এবার প্রায় ২৯ হাজার ৫৪৬ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে মধুখালীতে ৮ হাজার ৬৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কৃষকেরা আবাদ করেছেন ৮ হাজার ৬৯০ হেক্টর জমিতে। এর আগে গত ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলায় ৮ হাজার ৬১০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছিল।

এবার ধানের ফলন ভালো হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে সন্তোষ দেখা গেছে। মধুখালী পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের আদর্শ চাষি মো. আব্দুল হাই বাঁশী মিয়া জানান, তিনি চলতি মৌসুমে ২ একর জমিতে বিভিন্ন জাতের রোপা আমন আবাদ করেছেন এবং ফলন বেশ ভালো হয়েছে। বিশেষ করে উপজেলার নিচু এলাকাগুলোতে এবার ধানের ফলন আরও ভালো হবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করলে চাষিরা ন্যায্যমূল্য পেয়ে লাভবান হবেন বলেও তিনি মনে করেন।

আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা প্রসঙ্গে মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুব ইলাহী জানান, চলতি মৌসুমে উপজেলায় ব্রি ধান-৭৫, ব্রি-৮৭, ব্রি ধান-১০৩, বিনা ধান-১৭, ২২ ও আটাশসহ বেশ কয়েকটি উচ্চফলনশীল জাতের ধান আবাদ করা হয়েছে। বৃষ্টিপাত কিছুটা কম হওয়া সত্ত্বেও কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর বেশি জমিতে ধান রোপণ করেছেন।

তিনি আরও জানান, এবার প্রতি হেক্টর জমিতে গড়ে ৩ দশমিক ৪০ মেট্রিক টন (চাল হিসেবে) ফলন পাওয়ার আশা করা হচ্ছে। সে হিসাবে পুরো উপজেলায় মোট ২৯ হাজার ৫৪৬ মেট্রিক টন চাল উৎপাদিত হবে বলে প্রাক্কলন করেছে কৃষি বিভাগ।

ইত্তেফাক/এনএন