বিবাহ বিচ্ছেদের পর আত্মহত্যার কথা ভেবেছিলেন চাহাল 

কিছু দিন আগে ভারতীয় গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং মডেল ধনশ্রী বার্মার বিবাহ বিচ্ছেদের খবর। সেই বিচ্ছেদের কারণে চাহালের মানসিক স্বাস্থ‌্যের এতটাই অবনতি হয়েছিল যে তিনি আত্মহত‌্যার কথাও ভেবেছিলেন।

সম্প্রতি এক পডকাস্টে চাহাল বলেন, 'বিচ্ছেদ কিন্তু একদিনে হয়নি। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। বর্হিবিশ্বের থেকে এই ঘটনা লুকিয়ে রেখেছিলাম। সোশ্যাল মিডিয়াতেও স্বাভাবিক দম্পতির মতো আচরণ করতাম।'

মানসিক স্বাস্থ‌্যের অবস্থা নিয়েও মুখ খুলেছেন চাহাল। তিনি বলেন, 'এক মাস ধরে মাত্র দু’ঘণ্টা ঘুমাতাম। এমনকি অনেক বার আত্মহত‌্যার কথাও ভেবেছি। এই নিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও আলোচনা সেরেছি। ক্রিকেট থেকে আমি বিরতি চেয়েছিলাম। এমনকি মাঠে নেমেও পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করতে পারিনি।'

ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের সময় মানুষজন চাহালকে প্রতারকের তকমা দিয়েছিলেন। এ প্রসঙ্গে ভারতীয় লেগ স্পিনার বলেন, 'যখন আমি বিবাহ বিচ্ছেদের মধ‌্যে দিয়ে যাচ্ছি, লোকে আমার গায়ে প্রতারকের তকমা সেঁটে দিয়েছিল। আমি কারও সঙ্গেই প্রতারণা করিনি। এমনকি হলফ করে বলতে পারি, আমার মতো সৎ, ভদ্র মানুষ খুব কমই রয়েছে। অন‌্য নারীর সঙ্গে দেখা গেলেই মানুষ সেই পুরুষের বিচার করে। আমার দুই বোন রয়েছে। তাই আমি জানি, নারীদের কীভাবে সম্মান করতে হয়।'