টানা দরপতন থেকে বেরিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৫২টি কোম্পানির ১৮ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ২৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪৬৭ কোটি ৯৩ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিল ৩৮০ কোটি ৫৯ লাখ টাকার। অর্থাত্ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮৭ কোটি টাকার বেশি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ৫১৩৩ দশমিক ২৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৯ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১৮৩৬ দশমিক ১৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১২ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১১৭৩ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।