বেশ জমে উঠেছে ওভাল টেস্ট। শেষ দিনে জয়ের জন্য ৩৫ রান প্রয়োজন ইংল্যান্ডের। হাতে আছে ৪ উইকেট। যদিও এটিকে ৩ উইকেটও বলা যায়। কারণ কাঁধের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। তবে দলের প্রয়োজনে তিনি ভাঙা কাঁধ নিয়েই ব্যাট করতে নামতে পারেন বলে জানিয়েছেন জো রুট।
গত বৃহস্পতিবার ওভাল টেস্টের প্রথম দিনে সীমানারেখার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি ঠেকাতে গিয়ে বাঁ কাঁধে গুরুতর আঘাত পান ওকস। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, ৩৬ বছর বয়সী বোলিং অলরাউন্ডার এই ম্যাচে আর খেলতে পারবেন না।
ওভাল টেস্টে জয়ের পাল্লা এখন পর্যন্ত ইংল্যান্ডের দিকেই ভারী। স্বাগতিকরা চাইবে গতকাল অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করা দুই জেমি- স্মিথ (২*) ও ওভারটন (০*) আজ দলকে ম্যাচ ও সিরিজ জিতিয়েই মাঠ ছাড়বে। তবে যদি কোনো কারণে এ দুজন না পারেন সেক্ষেত্রে গাস অ্যাটকিনসন ও জশ টাং আছেন। আর শেষ ভরসা কাঁধের চোটে থাকা ওকস।
তবে প্রয়োজনে ওকসও ব্যাট হাতে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন রুট। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাকিদের মতো সে–ও (ওকস) আমাদের সঙ্গেই আছে। এটা এমন এক সিরিজ, যেখানে খেলোয়াড়দের জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। (ম্যানচেস্টার টেস্টে) ঋষভ পন্থ ভাঙা পা নিয়েই ব্যাট করেছেন। ক্রিস ওকসও ইংল্যান্ডের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত।’
তবে ওকসের ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়বে না আশা করে রুট আরও বলেন, ‘সে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এটা (দলের প্রতি নিবেদন) তার কাছে অনেক অর্থবহ। ইংল্যান্ডের জন্য নিজেকে ঝুঁকিতে ফেলতেও প্রস্তুত থাকা তার চরিত্র ও ব্যক্তিত্বের জানান দেয়। তবে আশা করি খেলা ওই পর্যন্ত যাবে না।’