জয়ে শুরুর আশা তামিমের

বিশ্বকাপ ব্যর্থতার কারণে একটা ঘুমোট ভাব বিরাজ করছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। আড়মোড়া ভেঙে জেগে উঠার, বিশ্বকাপের স্মৃতিকে আড়ালে ফেলার জন্য বাংলাদেশ দলের সামনে বড়ো সুযোগ ছিল শ্রীলঙ্কা সফর। সাকিব আল হাসান, লিটন দাস ছুটি নিয়েছিলেন আগেই। কলম্বো যাত্রার আগের সন্ধ্যায় নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিনও চোটের কারণে দল থেকে ছিটকে পড়েন।

তাদের অনুপস্থিতি দলের শক্তিমত্তায় বড় প্রভাব ফেলছে বইকি। টালমাটাল সময়ে তামিম ইকবালের নেতৃত্বে লঙ্কা মিশনে গেল বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসায় আজ শুরু হয়ে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দলটা পূর্ণশক্তির না হলেও ভারপ্রাপ্ত অধিনায়ক তামিমের চাওয়া সিরিজ জয়। তবে ধাপে ধাপে এগুতে চান তিনি। আজ প্রথম ম্যাচে ভালো শুরুটা তার পূর্বশর্ত। স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের টার্গেটেই আজ খেলতে নামবে তামিম বাহিনী।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইয়ের উত্তাপটা এই সিরিজেও বজায় থাকতে পারে। তবে অসময়ে লঙ্কানদের সহযোগিতায় করায় সিরিজজুড়ে তামিম-মুশফিকরা গ্যালারি থেকে বড় বৈরিতার মুখে পড়বেন না বলে আশা করাই যায়। গত এপ্রিলে কলম্বোর গীর্জা- হোটেলে বোমা বিস্ফোরণে ৩০০ মানুষ নিহত হয়। তারপর থেকে প্রশ্নবিদ্ধ শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থা। ওই ঘটনার পর লঙ্কানদের সাহায্যে সবার আগে এগিয়ে আসলো বাংলাদেশ। মাঠের বাইরের ঘটনা ফেলে দুই দলই এখন ২২ গজের লড়াইয়ে পূর্ণ মনোযোগী হতে প্রস্তুত।

প্রেমাদাসায় আজ প্রথম ওয়ানডেতে ভালো শুরু চান তামিম। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘এই মুহূর্তে লক্ষ্য হলো প্রথম সেশনটি ভালো করে শুরু করা। আমার কাছে মনে হয়, আমি সবসময় বলি যে স্টার্টিং লাইনের আগে যদি ফিনিশিং লাইন দেখা শুরু করি তাহলে সেটি একটি সমস্যা। আমাদের একটি ভালো শুরু করতে হবে আগামীকাল (আজ), সেটি বোলিং কিংবা ব্যাটিং যেটাই করি না কেন। আর অবশ্যই আমাদের মূল লক্ষ্য থাকবে ম্যাচটি জেতার। আমরা এক ধাপ করে এগোতে চাই। আমরা অনেক দূর যেতে চাই।’

সিরিজ জয়ের প্রশ্নেও আশাবাদী তামিম। স্বাগতিকদের হারিয়ে সিরিজের ট্রফিটা নিয়ে দেশে ফিরতে চান তিনি। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেছেন, ‘আমি নিশ্চিত যে আমাকে যদি জিজ্ঞেস করেন কিংবা ওদের অধিনায়ককেও জিজ্ঞেস করেন তাহলে সেও বলবে যে সিরিজটি জিততে চায়। আমিও চাই সিরিজ জিততে।’

বিশ্বকাপে তিন নম্বরে বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং করেছেন সাকিব। এই সিরিজে নেই তিনি। তিন নম্বরে ব্যাটিংয়ের গুরুভারটা পড়েছে মোহাম্মদ মিঠুনের কাঁধে। বিশ্বকাপে তিন ম্যাচ খেলে একাদশে জায়গা হারিয়েছেন তিনি। পাঁচ নম্বরে খেলে সফল হননি ব্যাট হাতে। তবে তামিমের আশা, পি সারা ওভালে গত ২৩ জুলাই প্রস্তুতি ম্যাচে ৯১ রানের ইনিংস খেলা মিঠুন তিন নম্বরে খেলার সুযোগ কাজে লাগাবেন।

গতকাল তিনি বলেছেন, ‘মিঠুন সুযোগ পেয়েছে এটি বেশ ভালো হয়েছে। সে বাংলাদেশের জন্য আসলেই অনেক ভালো করেছে। ব্যাটিংয়ে পাঁচ নম্বরে খেলে সে। আমাদের নিয়মিত তিন নম্বরের ব্যাটসম্যান (সাকিব) এখানে নেই। তাই সে এই সুযোগটি পেয়েছে এবং তাকে দুই হাতে এটি কাজে লাগাতে হবে।’

ওয়ানডেতে আজই প্রথমবার বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তামিম। নিজের শুরুটা জয়ে রাঙাতে চান তিনি। গতকাল বলেছেন, ‘আমরা যদি কাল জিততে পারি বা দল ভালো খেলে তখন অধিনায়ক হিসেবে বিশেষ কিছু মনে হবে। আমি বিশ্বাস করি, বাকি ১০ জন যদি পারফর্ম করতে পারে তাহলে একজন অধিনায়ক কেমন সেটাই প্রমাণ করবে।’