নবাগত বসুন্ধরা কিংস প্রিমিয়ার ফুটবল লিগে আবির্ভাবেই শিরোপা জিতে নিয়েছে। লিগে এখনো বসুন্ধরার দুই ম্যাচ বাকি রয়ে গেছে। ২২ ম্যাচে বসুন্ধরার পয়েন্ট ৫৯। আর কোনো দল তাদের মতো এত পয়েন্ট পাবে না। নিকটতম প্রতিদ্বন্দ্বী ও গতবারের চ্যাম্পিয়ন আবাহনী ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট পেয়েছে। আগামী রবিবার শেখ জামাল ধানমিন্ড ক্লাবের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও আবাহনীর পয়েন্ট ৫৯ হবে না।
বসুন্ধরা অবশিষ্ট দুই খেলায় সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হারলেও ট্রফি হাতছাড়া হবে না। বসুন্ধরার শিরোপা জয়ের দিনে আবাহনীর লিগ রানার্সআপ হওয়াও নিশ্চিত হয়ে গেল। গত দুবারের চ্যাম্পিয়নরা হ্যাটট্রিক শিরোপার সুযোগ হারাল। এখন শেষ ম্যাচ হারলেও রানার্সআপের সান্ত্বনা পেতে হচ্ছে তাদের।
এবারের লিগে আবাহনীকে দুবার হারিয়ে ৬ পয়েন্ট নিয়েছে বসুন্ধরা। এতেই আবাহনীর সর্বনাশ হয়। শেখ রাসেল ও মোহামেডানের কাছে হারে বসুন্ধরার সঙ্গে আবাহনীর পয়েন্টের দূরত্ব আরো বাড়ে। ফলে শিরোপার পথে এগিয়ে যায় বসুন্ধরা। বসুন্ধরা তিন খেলায় তিন পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হতো।
কিন্তু এই তিন পয়েন্ট পেতে সমস্যা হচ্ছিল বসুন্ধরার। সিলেটে শেখ রাসেলের কাছে হেরে তাদের শিরোপা উত্সব থেমে যায়। নীলফামারীতে মোহামেডানের বিপক্ষে জিতলেই বসুন্ধরা চ্যাম্পিয়ন হয়। কিন্তু গত বুধবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বিপরীতে একই দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী ২-২ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। এই ড্রয়ে বসুন্ধরার পথ আরো সহজ হয়, দরকার পড়ে কেবল ১ পয়েন্ট।
গতকাল বিকালে নীলফামারীতে বৃষ্টিভেজা মাঠে বসুন্ধরা ১-১ গোলে মোহামেডানের বিপক্ষে ড্র করে কাঙ্ক্ষিত পয়েন্টটি পেয়ে গেলে শিরোপা নিশ্চিত হয়। এই ম্যাচে গোল করেন মোহামেডানের মালির ফরোয়ার্ড সোলেমান দিবাতে এবং বসুন্ধরার ব্রাজিলিয়ান মারকোস ভিনিসিয়াস।
বসুন্ধরা চ্যাম্পিয়ন হবে বলে সমর্থকরা নিজেদের পতাকা নিয়ে শেখ কামাল স্টেডিয়ামে গিয়েছিল। মতিন মিয়া, সবুজ, গোলকিপার জিকো, বিশ্বকাপ খেলা দলের অধিনায়ক কলিন্দ্রেস, কোচ, সহকারী কোচ, ফিজিও—সবাই মিলে গোল হয়ে উত্সব করলা। সংশ্লিষ্টরা মনে করছেন, খেলাটি ঢাকায় হলে শিরোপা জয়ের উত্সব আরো বর্ণিল হতে পারত। তবে রাজধানীতে বসুন্ধরার ফুটবল ক্যাম্পে রাতে আতশবাজি ও শোভাযাত্রার কথা জানিয়েছেন দলের সভাপতি ইমরুল হাসান। তিনি জানিয়েছেন, ট্রফি গ্রহণের দিনেও উত্সব হবে। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা আগামীতে এএফসি কাপে খেলবে।
রোলঅফ অনার
মৌসুম চ্যাম্পিয়ন রানার্স আপ
২০১৩-১৪ শেখ জামাল আবাহনী
২০১৫ শেখ জামাল শেখ রাসেল
২০১৬ আবাহনী চট্টগ্রাম আবাহনী
২০১৭-১৮ আবাহনী শেখ জামাল
২০১৮-১৯ বসুন্ধরা কিংস আবাহনী