বিশ্বের সর্বাধিক সফল সাঁতারু মাইকেল ফেল্পস তার ১০ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড গুঁড়িয়ে দেওয়া হাঙ্গেরির ক্রিস্টোফ মিলাককে অভিনন্দন জানিয়েছেন। গত বুধবার কিংবদন্তি আমেরিকানের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নতুন বিশ্বরেকর্ড গড়েন ক্রিস্টোফ। দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে অনুষ্ঠানরত ১৮তম ফিনা ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে এই রেকর্ডটি ভেঙে দেন ১৯ বছরের এই প্রতিশ্রুতিশীল সাঁতারু। ফেল্পস তিনটি অলিম্পিকে এই ইভেন্টে সোনা জেতেন এবং ২০০১ সাল থেকে এ রেকর্ডটি তার দখলে ছিল। তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘রেকর্ডটি ভেঙে যেতে দেখে আমি হতাশ হয়েছি। কিন্তু সে যেভাবে এটা করেছে তাতে আমি এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না। এই ছেলের শেষ ১০০ মিটার ছিল অবিশ্বাস্য।’