ইমার্জিং নারী দলের দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে নেই জাহানারা আলম, ফারজানা হক পিংকি। দলের সঙ্গে বিশেষ অনুশীলনের জন্য ডাক পাঁচ সিনিয়র ক্রিকেটারের তালিকায়ও তাদের নাম ছিল না। তবে সময়টা ক্রিকেটহীন কাটবে না জাহানারা-ফারজানার। আইসিসির উইমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে (ডব্লিউজিডিএস) জায়গা পেয়েছেন বাংলাদেশের এই দুই নারী ক্রিকেটার।
পেসার জাহানারা আলম ও ব্যাটার ফারজানা হক আইসিসির উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে ইংল্যান্ডে ছয়টি টি-২০ ম্যাচ খেলবেন। গতকাল রাতেই লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা তাদের।
নারী ক্রিকেটের শীর্ষ দেশগুলোর বাইরে থাকা দেশের ক্রিকেটারদের মান উন্নয়নে এই প্রোগ্রাম আয়োজন করে আসছে আইসিসি। এবারের দলটি তৃতীয় ডব্লিউজিডিএস দল। এর আগে গতবছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় ও জুলাইয়ে ইংল্যান্ডে খেলেছে প্রথম দুটি দল। জাহানারা-ফারজানাদের দলটির নেতৃত্ব দেবেন পাকিস্তানের জাভেরিয়া খান। এই দলের হয়ে খেলবেন আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি, পাপুয়ানিউগিনি, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা।
এক সপ্তাহের সফরে তিন দিনে দুটি করে টি-২০ ম্যাচে অংশ নিবেন জাহানারা-ফারজানারা। আগামী সোমবার সারেতে প্রথম দুটি ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড উইমেন্স একাডেমি দল। বুধবার হ্যাম্পশায়ারে দুটি ম্যাচে প্রতিপক্ষ ইসিবি সুপার লিগের দল সাউদার্ন ভাইপার্স ও সারে স্টার্স। এই দুই দলের সঙ্গেই আবার ২ আগস্ট সারেতে হবে দুটি ম্যাচ।