স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেই অবশ্য হারের স্বাদ পেল বাংলাদেশের যুবারা। বুধবার রাতে ভারতের কাছে ৩৫ রানে হেরে গেছে আকবর আলীর দল। আগামীকাল (২৭ জুলাই) ফিরতি ম্যাচে আবার ভারতের বিপক্ষেই খেলবে বাংলাদেশ যুবদল। গ্লস্টারশায়ারে অনুষ্ঠিত হবে ম্যাচটি। উস্টারে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৬৪ রান তুলেছিল ভারত। অধিনায়ক প্রিয়ম গার্গের সেঞ্চুরিতেই লড়াইয়ের পুঁজিটা গড়ে ভারত। গার্গ অপরাজিত ১০০ রান করেন। জশওয়াল ৬৩, তিলক ভার্মা ২৩, কানপিলেওয়ার ২৩, জুরেল অপরাজিত ৩৪ রান করেন। বাংলাদেশের মৃত্যুঞ্জয় চৌধুরী দুটি, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব ও রকিবুল হাসান একটি করে উইকেট পান। জবাবে ৪৭.১ ওভারে ২২৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তানজিদ হাসান ৪৪, অধিনায়ক আকবর আলী ৫৬, শামীম হোসেন ৪৬, মৃত্যুঞ্জয় চৌধুরী ৩৩ রান করেন। ভারতের কার্তিক ত্যাগি চারটি, সুবহাং তিনটি, বিশনই দুটি উইকেট নেন।