৭ মাস পর অপূর্বকে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলে ছেলে আয়াশ

এক টানা শুটিং শেষ করে গেল বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বেশ লম্বা সময় অবসর যাপন করে প্রায় ৭ মাস ১০ দিন পর দেশে ফিরেছেন নাটকের এই ‘বড় ছেলে’।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালের একটি ফ্লাইটে দেশে ফিরেন অপূর্ব। বাড়িতে ঢুকেই ঘুমন্ত ছেলেকে জড়িয়ে ধরেন অপূর্ব। ছেলে চোখ মেলে বিস্মিত হয়ে বাবা অপূর্বকে দেখে কেঁদে ফেলে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিটি ৫৫ সেকেন্ডের একটি ভিডিও নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন অভিনেতা। 

শেয়ার করা ভিডিওতে জিয়াউল ফারুক অপূর্ব ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই।’ ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: সংগৃহীত 

ভিডিওতে দেখা যায়, আমেরিকা থেকে ফিরে ছেলে আয়াশের রুমে যাবার পরে বেলকনির পর্দা সরিয়ে চুপিচুপি ছেলের কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দেন বাবা অপূর্ব। চোখে মেলেই আয়াশ বাবাকে দেখতে পায়। ঘুম ভাঙা চোখে বাবাকে দেখেই জড়িয়ে ধরে কান্না করে দেয়।

বাবা-ছেলের এই ভালোবাসা শোবিজের অনেকেরই হৃদয় ছুঁয়ে গেছে। অনেকের চোখে এসেছে জল। 

পোস্টের কমেন্ট বক্সে প্রবীন অভিনেতা আজম খান লিখেছেন, ‘অসাধারণ একটা মুহূর্ত, মায়া আর ভালোবাসার।’ আরেক নেটিজেন লেখেন, ‘পৃথিবীর সেরা আলিঙ্গন হচ্ছে বাবা মাকে জড়িয়ে ধরা এর চেয়ে সুন্দর মুহূর্ত সুন্দর অনুভূতি আর কিছুই হতে পারে না।’

উল্লেখ্য, গত বছর ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান অপূর্ব। অভিনেতার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা সেখানেই থাকেন। তারও আগে ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূর্ব, ফিরেছিলেন দুই মাস পর। দেশে ফিরলেন, এখন কিছুদিন বিশ্রাম নেবেন অভিনেতা, এরপর আবারও ফিরবেন তার সেই চিরচেনা লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে।