গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেছেন, সরকারের দুঃশাসন, দুর্নীতি, স্বজনপ্রীতি, অপশাসন, ঘুষ, লুটপাট ও অব্যবস্থাপনা দেশকে মারাত্মক অসহায় অবস্থায় নিয়ে গেছে। জনগণ এখন আর প্রশাসনের ওপর আস্থা রাখতে পারছে না বলেই আইন নিজের হাতে তুলে নিচ্ছে, ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে। এ ধরনের হত্যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। গণপিটুনিতে হতাহতের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন। তারা বলেন, হত্যা, ধর্ষণ, ইভটিজিং, আত্মহনন, গণপিটুনিতে মানুষ হত্যার মিছিলে বেরিয়ে পড়ছে সমাজের নৈতিকতার বিপর্যয় ও অধঃপতনের ভয়ানক চিত্র। গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন—সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম প্রমুখ।