টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। আর এই রুপালি ইলিশে সয়লাব হয়ে গেছে উপকূলীয় জেলা বাগেরহাটের হাট-বাজার। নিষেধাজ্ঞা শেষে সাগরে কাঙ্ক্ষিত রুপালি ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে, আড়তদার ও মত্স্যজীবীদের মুখে। গভীর সমুদ্রে থাকা ইলিশ বোঝাই ট্রলারগুলো ভিড়েছে বাগেরহাটের প্রধান মত্স্য আড়ত কেবি বাজারে। ফলে কেবি বাজারের জেলে, আড়তদার ও মত্স্য ব্যবসায়ীরা পার করছেন ব্যস্ত সময়।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে কেবি বাজারে গিয়ে দেখা যায়, সাগর থেকে ইলিশ বোঝাই করে ভিড়েছে ১০টি ট্রলার। ফিরে আসা ইলিশভর্তি এসব ট্রলার কেবি বাজারের সামনে নোঙর করে রাখা হয়েছে। এসব ট্রলার থেকে নামানো হচ্ছে ইলিশ। ফলে কর্মব্যস্ত হয়ে পড়েছেন এ বাজারের জেলে, আড়তদার ও মত্স্য ব্যবসায়ীরা।
বাগেরহাটের খুচরা মাছ বাজার ঘুরে দেখা গেছে, ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকায় মাছের দাম কম। ৪৫০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা। ৬০০ থেকে ৭৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা থেকে ৭০০ টাকা করে। এছাড়া ৮৫০ গ্রাম থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকার মধ্যে।
বাগেরহাট জেলা মত্স্য কর্মকর্তা ড. মো. খালেদ কনক বলেন, নিষেধাজ্ঞার সুফল জেলেরা পেতে শুরু করেছে। সাগরেও মাছ ধরা পড়ছে।