ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি না দিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তরের জন্য আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে। গত বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৌর এলাকায় স্থানীয় ট্যুরিস্ট ও থানা পুলিশের উদ্যোগে মাইকিং করে প্রচারণা চালাতে দেখা গেছে। এ সময় সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টিকারীদের তথ্য পুলিশকে জানাতে প্রচারণা চালানো হয়। সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল পদ্মা সেতু তৈরিতে মাথা লাগবে বলে সামাজিক মাধ্যমে গুজব ছড়ায়। এমন গুজবে সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভীতি ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। এমন পরিস্থিতিতে গুজব প্রতিরোধে পুলিশসহ বিভিন্ন সংস্থা নানাভাবে প্রচারণা চালাচ্ছে।