ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বর্তমান মেয়াদোত্তীর্ণ তিন মাসের আহ্বায়ক কমিটি চার বছরেও সম্মেলন করতে ব্যর্থ হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা-বিরোধী বিভিন্ন অভিযোগ এনে যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে জেলা যুবলীগ। গত বুধবার বিকেলে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ফেরদৌসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবলীগ নেতা মো. সাইফুর রহমান মনিকে আহবায়ক, আতাউর রহমান কবির, শেখ মো. দাউদ, মতিউর রহমান সরকার ও মো. সফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ৩৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশে ও জেলা যুবলীগের সিদ্ধান্ত মোতাবেক এই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে যুবলীগের নতুন এই কমিটির আহবায়ক মো. সাইফুর রহমান মনি, যুগ্ম আহবায়ক আতাউর রহমান কবির, শেখ মো. দাউদ, মতিউর রহমান সরকার ও মো. সফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।