শেরপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর পর লাশ নিয়ে হাসপাতালে গিয়ে আত্মহত্যা বলে চালানোর সময় এক গ্রাম পুলিশকে আটক করেছে পুলিশ। আটক গ্রাম পুলিশ গৌতম কুমার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সিরাজ নগর নওলাপাড়া গ্রামের মৃত ভোধন চন্দ্রর ছেলে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গৌতমকে আটক করে পুলিশ। এ সময় গৌতমের স্ত্রী পুর্ণিমা রানির (২৮) লাশ পুলিশ উদ্ধার করে। এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।