গাজীপুর-২ আসনে শেষ পর্যন্ত কে পাচ্ছেন ধানের শীষ

গাজীপুর-২ (টঙ্গী-সদর) আসনটি জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন দুইজন প্রার্থী। তারা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নানের পুত্র এম মঞ্জুরুল করিম রনি এবং জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন সরকার। নির্বাচনে রিটার্নিং অফিসার তাদের দুইজনের মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করেছেন। তারা দুইজনেই একক প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ জন্য তারা দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দেন-দরবার করছেন বলে জানা গেছে।

অপরদিকে নির্বাচনী মাঠ নিজেদের অনুকূলে রাখতে দলীয় নেতা কর্মীদের সঙ্গেও তারা যোগাযোগ রক্ষা করে চলেছেন। তবে চূড়ান্তভাবে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। উভয় প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা দুইজনেই দলীয় মনোনয়ন পাবেন এমন আশাবাদ ব্যক্ত করেন।

এম মঞ্জুরুল করিম রনি জানান, তার পিতা অধ্যাপক এমএ মান্নান প্রতিমন্ত্রী ও মেয়র থাকাকালে এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। পিতার উত্তরসূরী হিসেবে এবং তার পিতার বিপুল জনপ্রিয়তার কারণে তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করেন। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাও তার সঙ্গে রয়েছেন বলেও তিনি জানান।

অপরদিকে সালাহ উদ্দিন সরকার জানান, দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তিনি দীর্ঘদিন যাবত্ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় নেতা কর্মীদের সঙ্গেও তার রয়েছে সু-সম্পর্ক। তাই ধানের শীষ প্রতীক তিনিই পাবেন এটা তার বিশ্বাস।