আজ ঐতিহাসিক নেত্রকোনার নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এ দিনে নেত্রকোনা জেলার ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামক স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের ভয়াবহ সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তারা হলেন, নেত্রকোনা জেলার ডা. আজিজ, মো. ফজলুল হক, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মো. নুরুজ্জামান, মো. ইয়ার মাহমুদ, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস, ভবতোষ চন্দ্র দাস ও জামালপুর জেলার মো. জামাল উদ্দিন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নূরুল আমিন জানান, মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সেই স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরতে মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ও কলমাকান্দা উপজেলা ইউনিট প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, নাজিরপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িয়াস্থ সাত শহীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা।