সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে কংগ্রেসের প্রস্তাবে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তিনটি প্রস্তাব পাস হয়ে হোয়াইট হাউসে গেলে ট্রাম্প ভেটো ক্ষমতা প্রয়োগ করে তা বাতিল করে দেন।
গত মে মাসে কংগ্রেসকে পাশ কাটিয়ে সৌদি আরবের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের অস্ত্র বিক্রির ক্ষেত্রে সাধারণত মার্কিন কংগ্রেসের অনুমোদনের দরকার হলেও বিশেষ অবস্থায় প্রশাসনিক আদেশ দিয়ে তা অনুমোদনের ক্ষমতা ব্যবহার করেছেন তিনি। এর কারণ হিসেবে ইরানের কাছ থেকে হুমকি বৃদ্ধিকে উল্লেখ করেন ট্রাম্প।
গত জুনে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করতে তিনটি প্রস্তাব অনুমোদন করে সিনেট। ১৭ জুলাই প্রস্তাবগুলো প্রতিনিধি পরিষদেও পাস হয়। প্রতিনিধি পরিষদে পাস হওয়া তিনটি প্রস্তাবের দুইটি ২৩৮-১৯০ ভোটে এবং তৃতীয়টি ২৩৭-১৯০ ভোটে পাস হয়। তিনটি প্রস্তাবেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আঘাতের সক্ষমতাসম্পন্ন মার্কিন অস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিক্রি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু ট্রাম্প তা আমলে নেননি। গত মে মাসে ট্রাম্প বলেছিলেন, তিনি এই অস্ত্র বিক্রিতে প্রয়োজনে জরুরি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি বলেন, এই অস্ত্র বিক্রিতে বাধা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা উদ্দেশ্যের পরিপন্থী।
মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব। কিন্তু ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের বিরুদ্ধে বেসামরিক মানুষের ওপর মার্কিন অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া, সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের কারণে সৌদি সরকারের সঙ্গে এমন চুক্তির ব্যাপারে আগ্রহী ছিলেন না কংগ্রেস সদস্যরা। তবে এসব অভিযোগ ও সমালোচনাকে পাত্তা না দিয়ে শেষ পর্যন্ত সৌদির কাছে অস্ত্র বিক্রিতে অটল থাকলেন ট্রাম্প।