স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কর্পোরেট কাভারেজ ও সিআইবি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারিয়া কবির। এই পদোন্নতির ফলে ব্যাংকের কান্ট্রি ম্যানেজমেন্ট টিমের (CMT) গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
কর্পোরেট ব্যাংকিংয়ে দুই যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি। তার ক্যারিয়ার শুরু হয় আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে। এরপর ক্লায়েন্ট কাভারেজ, রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও অরিজিনেশনসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে নেতৃত্ব দিয়েছেন। ২০০৫ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগ দিয়ে ব্যাংকের জন্য বহু সফল ও গুরুত্বপূর্ণ লেনদেন সম্পন্ন করেছেন তিনি।
ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের বাইরেও ব্যাংকের কর্মী বিষয়ক নীতিমালায়ও ফারিয়া সক্রিয় ভূমিকা রেখেছেন। বর্তমানে বাংলাদেশের অভিযোগ কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কর্মস্থলে হয়রানি প্রতিরোধে নানা উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও ব্যাংকের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে তহবিল পরিচালনার দায়িত্বে রয়েছেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, 'ফারিয়ার পদোন্নতি আমাদের অভ্যন্তরীণ নেতৃত্বের সক্ষমতারই প্রমাণ। তার ক্লায়েন্ট সম্পর্ক গড়ার দক্ষতা ও দলগত কাজের অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সহায়ক হবে। বৈচিত্র্য আমাদের শক্তি, এবং আমি নিশ্চিত তার নেতৃত্বে কর্পোরেট কাভারেজ টিম আরও সাফল্য অর্জন করবে।'
ফারিয়া মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন কন্যা সন্তানের মা এবং অবসর সময়ে বাগান করতে ভালোবাসেন।
বাংলাদেশে ১২০ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। দেশের উন্নয়নে ব্যাংকটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং সমাজে টেকসই মূল্য সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।