জামায়াত নেতা সাঈদীসহ ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ১০৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৭ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত মহানগর ও দায়রা জজ এনায়েত কবির সরকার এই আদেশ দেন। এর আগে সাঈদীকে রাজশাহী আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনকালে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানি শেষে আদালত ১০৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে ঘটনার দীর্ঘ ৯ বছর পর আদালতে চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচারকার্য শুরু হলো। সাঈদী মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত।

রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শিরাজি শওকত সালেহীন সাংবাদিকদের জানান, ফারুক হোসেন হত্যা মামলায় সাঈদীসহ সর্বমোট ১০৪ জন আসামি রয়েছেন। মামলায় সাঈদীসহ আরও ৬০ জন আসামি জামিনে আছেন। বাকিরা পলাতক। অভিযোগ গঠনের সময় আসামিদের হাজির থাকতে হয়। তাই অন্য আসামিদের মতো সাঈদীকেও রাজশাহী কারাগারে নিয়ে আসা হয়।

একটি প্রিজন ভ্যানে করে গতকাল বেলা সোয়া ১১টার দিকে তাকে রাজশাহীর আদালত চত্বরে নেওয়া হয়। পরে হুইল চেয়ারে বসিয়ে তাকে আদালতে তোলা হয়। এ সময় আদালতের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

প্রসঙ্গত, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা রাবিতে সশস্ত্র হামলা চালায়। পরদিন সকালে পুলিশ রাবির শাহ্ মখদুম হলের পেছনের একটি ম্যানহোল থেকে তার মরদেহ উদ্ধার করে। ফারুক রাবির গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় রাবি ছাত্রলীগের তত্কালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা করেন। পরে ২০১২ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।