এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলছে বাংলাদেশের দুইটি ক্লাব আবাহনী ও বসুন্ধারা কিংস। দুটি ক্লাবই নিজেদের আসন্ন ম্যাচ নিয়ে বেশ মনোযোগী। একই দিন অনুষ্ঠিত হবে তাদের ম্যাচ। যার মধ্যে হোম ভেন্যু জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বিকাল পাঁচটায় কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে আবাহনী।
আর দোহায় স্থানীয় সময় রাতে সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে বসুন্ধরা কিংস মাঠে নামবে সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোর আগে কিংসের দলের সঙ্গে দোহায় যোগ দিয়েছেন কিউবা মিচেল আর ঢাকায় আবাহনীতে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন সবশেষ প্রিমিয়ার লিগে মোহামেডান শিরোপা জেতানো মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে পশ্চিম অঞ্চল থেকে খেলছে ১০টি দল। নক আউট পর্বের ম্যাচে জয়ী পাঁচটি দল পাবে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মূল পর্বে খেলার সুযোগ। স্বাভাবিকভাবেই সেই লক্ষ্য পূরণে মরিয়া বাংলাদেশের ক্লাব দুটি। তাই নিজেদের সেরা শক্তির দল নিয়েই লড়াই করতে চায় আবাহনী ও কিংস।
গতকাল সিরিয়ান ক্লাবের বিপক্ষে চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের খেলায় অংশ নিতে কাতারের দোহায় পৌঁছেছে বসুন্ধরা কিংস। সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা ১৯ বছর বয়সী কিউবা মিচেল। এই তরুণকে গত মাসের শেষ দিকে চমকপ্রদভাবে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। নিবন্ধনের শেষ দিনই কিউবাকে এএফসি চ্যালেঞ্জ লিগের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। সব ঠিক থাকলে সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে ম্যাচ দিয়েই কিংসের হয়ে অভিষেক হবে তার।
এছাড়া ক্লাবটির নতুন ব্রাজিলিয়ান কোচেরও এটি প্রথম মিশন। তিনিও গতকাল সরাসরি দোহায় যোগ দিয়েছেন খেলোয়াড়দের সঙ্গে। আগামীকালকের ম্যাচের আগে আজ দোহায় ক্লাবটি করবে দেশটিতে নিজের চূড়ান্ত প্রস্তুতি।
অন্যদিকে আবাহনীর বিপক্ষে মঙ্গলবার ম্যাচ খেলতে আজ সকাল সাড়ে ৮টায় ঢাকায় পা রাখবে এফসি মুরাস ইউনাইটেড ক্লাবের খেলোয়াড়রা। পরে বিকালে ম্যাচের ভেন্যুতে তারা করবেন অনুশীলন। এই ম্যাচটি নিয়ে আবাহনী ব্যাপক সিরিয়াস হলেও খানিকটা কাঠখড় যে পোড়াতে হবে, তা বলাই যায়। এই ম্যাচটি নিয়ে ক্লাবটি গেল কয়েক দিন ধরে প্রস্তুতি নিলেও খানিকটা চিন্তা রয়েছে দলের খেলোয়াড় নিয়ে।
আসন্ন ম্যাচে আবাহনীর শিবিরে সুলেমান দিয়াবাতে ছাড়া আর কোনো বিদেশি ফুটবলার নেই। তাতে এই ম্যাচে ক্লাবের পুরো ভরসাই দেশি খেলোয়াড়দের ওপর। যদিও তাদের স্কোয়াডে জাতীয় দলের কয়েক জন খেলোয়াড় রয়েছেন, তাদের মধ্যে এই মৌসুমেই যোগ দেওয়া দুই নাম শেখ মোরসালিন ও আল আমিন অন্যতম নাম।