যে ডায়েটে ক্যালরি বাড়লেও মোটা হওয়ার আশঙ্কা কম

অনেকেই আছেন মুটিয়ে যাওয়ার ভয়ে মেপে মেপে খান, যেন কোনোভাবে ক্যালরি বেড়ে না যায়। কিন্তু একটু জেনেশুনে খেলে ক্যালরি বাড়লেও মুটিয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। এমন খাবার খেতে হবে, যাতে ক্ষতিকর চর্বি, ক্ষতিকর লবণ ও চিনি কম থাকে। এই ডায়েটে প্রক্রিয়াজাত খাবার ও প্রাণিজ প্রোটিন পুরোপুরি বাদ দিতে হবে। পর্যাপ্ত শাকসবজি ফল ও হোল গ্রেনের পাশাপাশি উপকারী ফ্যাট খেতে হবে পরিমাণমতো। তাতে ওজন কমার সঙ্গে হার্টের উপকার হবে। ফ্যাট খাওয়া সত্ত্বেও শরীরে মেদ জমবে না। প্রেশার, কোলেস্টেরল, সুগার নিয়ন্ত্রণে থাকবে।

তবে এই ডায়েটে আমিষ খাবার থাকে না বলে হিসাব করে না খেলে প্রোটিন ও ভিটামিন বি ১২ থেকে শুরু করে আরো অনেক পুষ্টির ঘাটতি হতে পারে। হতে পারে রক্তাল্পতা। এসব পুষ্টির অভাবে ক্লান্তি ও বিষণ্নতার মতো সমস্যা ঘিরে ধরতে পারে। কাজেই ডায়েট শুরু করার আগে কীভাবে কী করতে হবে, কত সময় নিয়ে করতে হবে, তা ভাল করে বুঝে নিন।

দুটি ভাগে ভাগ করা হয়েছে এই ডায়েটকে। ‘দ্য ফায়ার ক্যাডেট’ ও ‘ফায়ার ফাইটার’। প্রথম ২৮ দিন ফ্যায়ার ক্যাডেট প্ল্যান চলে, পরের ২৮ দিন চলে ফায়ার ফাইটার প্ল্যান। ফায়ার ক্যাডেট প্ল্যানের প্রথম সপ্তাহে বন্ধ হয় সব রকম দুধের খাবার, প্রক্রিয়াজাত খাবার ও রিফাইন্ড খাবার, যেমন, ময়দার রুটি, পাউরুটি, পাস্তা, চিনি, মিষ্টি, চিপ্স, কোমল পানীয়। দ্বিতীয় সপ্তাহে কমানো হয় মাছ, মাংস, ডিম। তৃতীয় সপ্তাহে তেল জাতীয় খাবার কমিয়ে দিতে হবে। চতুর্থ সপ্তাহ থেকে শাক, সব্জি, ফল, হোল গ্রেন, ডাল, বাদাম, বীজ খাওয়া বাড়ানো হয়। ফায়ার ফাইটার প্ল্যানে নিষিদ্ধ খাবারগুলি বাদ দিয়ে দিতে হবে। চার সপ্তাহ ধরে কেবল শাক, সব্জি, ফল, হোল গ্রেন, ডাল, বাদাম, বীজ খেয়ে যেতে হয়। এরপর শুরু হয় ফায়ার ফাইটার হিসেবে পথ চলা। যে যত বেশি দিন চলতে পারেন, তার তত ভাল কাজ হয়।

এই ডায়েটে কী খাবো

শাক, সব্জি, ফল, মাংসের বদলে টোফু, সেইতান (হুইটমিট বা হুইটগ্লুটেন), টেম্ফ (সয়াবিন গেঁজিয়ে বানানো হয়) উদ্ভিজ্জ দুধ, কম চিনি দিয়ে বানানো সয়াবিন ইয়োগার্ট, সালসা, বাদাম দিয়ে তৈরি মাখন, তিসির গুড়ো, টাটকা ভেষজ উপাদান, হাই ক্যালোরি ড্রেসিং না করা স্যালাড, কাঁচা বা সেঁকা বাদাম ও বীজ, হোল গ্রেন রুটি, পাউরুটি, সিরিয়াল, পাস্তা, শুকনো ও প্যাকেটের বিন, লবন বা তেলবিহীন লোসোডিয়াম ও লোফ্যাট স্যুপ, ক্যান্ড টমেটো, চিনি না মেশানো শুকনো ফল, লবন না মেশানো পাস্তা সস, চিনি না মেশানো জ্যামজেলি, গুড়, ঝোলাগুড়, খাঁটি ম্যাপ্ল সিরাপ, চাঁকভাঙা মধু, কম লবন ও চিনিযুক্ত মশলা বা আচার, ভিটামিন ডি ও বি১২ সাপলিমেন্ট ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট।

মাংস, দুধ ও দুগ্ধজাত সাধারণ খাবার, চিজ সাবস্টিটিউট, তেল, চিনি, হাই ফ্রুক্টোজ কর্ণ সিরাপ, সস, সোডা, লজেন্স, কুকিজ, ময়দা, সাদা পাউরুটি, সাদা চালের ভাত, ময়দা দিয়ে বানানো পাস্তা, নুডুলস, ১০০ ক্যালোরিতে ২.৫ গ্রামের বেশি ফ্যাট আছে এমন ক্যান্ড বা প্যাক্ড খাবার।-আনন্দবাজার