গৌরীপুরে স্কুলছাত্রীকে বখাটের ছুরিকাঘাত

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কোচিংয়ে যাওয়ার পথে পাপিয়া সুলতানা (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে মাদকাসক্ত বখাটে যুবক জহিরুল ইসলাম (৩৫) ও তার এক সহযোগী। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী অচিন্তপুর বাজারে গৌরীপুর-শাহগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া বখাটে যুবককে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

পাপিয়া সুলতানা অচিন্তপুর ডক্টর এম আর করিম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। সে অচিন্তপুর ইউনিয়নের চড়াকোনা গ্রামের কৃষক আবুল হাসিমের মেয়ে। বখাটে যুবক জহিরুল ইসলাম একই গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে   জহিরুল পলাতক রয়েছে বলে জানান স্থানীয় লোকজন। আহত স্কুলছাত্রী পাপিয়া জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে যুবক জহিরুল বিভিন্ন সময় তাকেসহ তার সহপাঠীদের উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিত। এতে প্রতিবাদ করায় জহিরুল ও তার লোকজন তাদের নানা হুমকিও প্রদান করে আসছিল। ঘটনার দিন ভোরে বাড়ি থেকে বের হয়ে কোচিং করার উদ্দেশ্যে অচিন্তপুর বাজারে যাওয়ার সময় তার পেছন পেছন আসছিল জহিরুল। একপর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় জহিরুল। ঘটনার সময় জহিরুলের সঙ্গে অজ্ঞাত এক যুবক ছিল বলে জানায় পাপিয়া। গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মৌপ্রিয়া মজুমদার জানান, পাপিয়া শঙ্কামুক্ত। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।