আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে মহাজোট প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এ কমিটি নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মহাজোট প্রার্থীদের পক্ষে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সমন্বয় করে প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এ কমিটি গঠনের কথা নিশ্চিত করে জানিয়েছেন, আপাতত একাত্তর সদস্যবিশিষ্ট কমিটি পাঁচটি সংসদীয় আসনে মহাজোট প্রার্থীদের পক্ষে নির্বাচন পরিচালনা কার্যক্রম সমন্বয় করবে। এ কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহিদ বাদলকে। তাছাড়া নির্বাচন আচরণবিধিতে নিষেধাজ্ঞা না থাকলে যুগ্ম আহ্বায়ক হিসেবে জেলার সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভী দায়িত্ব পালন করবেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৬৮ সদস্যবিশিষ্ট কমিটি থাকলেও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও গোগনগর, আলীরটেক থেকে সদস্য নেওয়া হবে।
আব্দুল হাই আরও জানান, এ কমিটির সদস্য সংখ্যা বর্ধিতকরণের সম্ভাবনা রয়েছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে মহাজোটের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করায় মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গা ভাব দেখা দিয়েছে। এবারের নির্বাচনে কোনোপ্রকার বিদ্রোহ সহ্য করা হবে না কিংবা মহাজোটের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা বিদ্রোহ করবে কিংবা মহাজোট প্রার্থীর বিরুদ্ধে কাজ করবে তাদের আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর যারা দলের বিরুদ্ধে কাজ করার প্রস্তুতি নেওয়ার চিন্তা করছিল তারা এখন চুপসে গেছে।