গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মীরেরবাগ এলাকায় রেহানা (২৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মো. মিজানকে আটক করেছে পুলিশ। মিজান তার স্ত্রী রেহানাকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রেহানার দুই মেয়ে রয়েছে। এদিকে জাজিরা বিবির বাজার এলাকায় গতকাল বিকেলে ধলেশ্বরী নদীর শাখা খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩২) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।