ইত্তেফাক ডিজিটালে প্রতিবেদনের পর ব্লক হলো প্রতারকের জাতীয় পরিচয়পত্র

‘ভুয়া জাতীয় পরিচয়পত্রে ওয়ারিশ সাজিয়ে অন্যের বাড়ি বিক্রির অভিযোগ’ শিরোনামে ইত্তেফাক ডিজিটালে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত রবিউল মল্লিকের জাতীয় পরিচয়পত্রটি ব্লক (স্থগিত) করে দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (১১ আগস্ট) ইত্তেফাক ডিজিটালে ‘ভুয়া জাতীয় পরিচয়পত্রে ওয়ারিশ সাজিয়ে অন্যের বাড়ি বিক্রির অভিযোগ’ শিরোনামে সংবাদটি প্রকাশের পর বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে আসে। পরে ভুক্তভোগী মাহজাবিন আক্তার লিংকা অভিযুক্ত রবিউল মল্লিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীরের নিকট লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত রবিউল মল্লিকের জাতীয় পরিচয়পত্রটি ব্লক/লক করে দিয়েছে নির্বাচন কমিশন

ভুয়া ওয়ারিশ মল্লিকের জাতীয় পরিচয়পত্র ব্লক করার বিষয়ে নির্বাচন কমিশনের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘ইত্তেফাকে সংবাদ প্রকাশ ও ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত রবিউল মল্লিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি নং: ২৪২৫৮৬৯৫১৪) তৈরি করতে নির্বাচন কমিশনের কোন-কোন শয়তান সহায়তা করেছে তাদের বের করার জন্য দ্রুত তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় কার্ডটি তাৎক্ষণিক ব্লক করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

অভিযুক্ত রবিউল মল্লিকের মিথ্যা তথ্য দিয়ে বানানো পূর্বের ভুয়া এনআইডি কার্ড

উল্লেখ্য, রাজধানী ডেমরার পাইটি এলাকার বাড়িসহ ৫ কাঠার জমির মালিক ছিলেন মো. লিয়াকত আলী। তিনি মারা যাওয়ার পর ওয়ারিশ হন দুই মেয়ে: ১—মাহজাবিন আক্তার লিংকা, ২—জাহিনা আক্তার লিয়া (প্রতিবন্ধী) এবং দ্বিতীয় স্ত্রী ফাতেমা বেগম (নিঃসন্তান)। এ ছাড়া আর কোনো ওয়ারিশ নেই। লিয়াকত আলী মারা যাওয়ার পর পুরো সম্পত্তি দেখভাল করে আসছেন বড় মেয়ে মাহজাবিন আক্তার লিংকা।

প্রতিবন্ধী ছোট বোনের উন্নত চিকিৎসার জন্য জমিটি বিক্রি করতে মাতুয়াইলের জমির দালাল রাকিব আলীকে দলিলপত্রসহ সকল কাগজপত্র দেওয়া হয়। রাকিব আলী অসহায় এতিম তিন নারীর সরলতার সুযোগ নিয়ে স্থানীয় ‘রবিউল মল্লিক’ নামে একজনকে জমির মালিক মো. লিয়াকত আলীর প্রথম স্ত্রীর ভুয়া ছেলে সাজিয়ে নকল কাগজপত্র দিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে ওয়ারিশ বানিয়ে জমিটি নিজের নামে দলিল করে নেন অভিযুক্ত রাকিব আলী। এর ফলে চরম বিপাকে পড়েছেন সম্পত্তির তিন বৈধ উত্তরাধিকারী। সম্পত্তি ফিরে পেতে ভুক্তভোগী পরিবার অভিযুক্ত রাকিব আলী, রবিউল মল্লিকসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা করেছেন।

প্রয়াত লিয়াকত আলীর সঙ্গে তার (বাম) থেকে স্ত্রী ফাতেমা, বড় মেয়ে লিংকা ও ছোট মেয়ে লিয়া

এ বিষয়ে ভুক্তভোগী মাহজাবিন আক্তার লিংকা ইত্তেফাক ডিজিটালকে বলেন, ভুয়া কাগজপত্র দিয়ে এবং নির্বাচন কমিশন, ডেমরা এসিল্যান্ড অফিস ও ডেমরা ভূমি রেজিস্ট্রি অফিসের অস্বাদু কর্মকর্তাদের মাধ্যমে রবিউল মল্লিক আমাদের বাড়িটি দখল করেছে। আমাদের সঙ্গে চরম প্রতারণা করেছে। তবে এ নিয়ে ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর প্রতারকের জাতীয় পরিচয়পত্রটি নির্বাচন কমিশন ব্লক করে দিয়েছে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থার নির্দেশ দিয়েছে। এ জন্য আমি ও আমার পরিবার ইত্তেফাকের কাছে চির কৃতজ্ঞ।