আসাম থেকে বহিষ্কার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের করিমগঞ্জের কর্মকর্তারা ৩০ জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে বাংলাদেশের বিজিবির হাতে তুলে দিয়েছেন। আসামের করিমগঞ্জ জেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ৩০ জন বাংলাদেশি নাগরিককে জকিগঞ্জে বিজিবির হাতে তুলে দেন। এই বাংলাদেশিরা বেশ কয়েক মাস ধরে আসামের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। আসাম পুলিশ সূত্রে বিবিসিকে জানানো হয়, ডিপোর্ট বা বহিষ্কার করা এই ৩০ জনের সবাই অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। আর সেই অপরাধে জেলখাটার পর বাংলাদেশে তাদের ঠিকানা ও পরিচয় যাচাই করেই এদের ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশের জকিগঞ্জ সার্কেলের পুলিশ কর্মকর্তারাও এই প্রত্যর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আসামের কিছু রাজনীতিবিদ বলছেন, ২০-৩০ জন বাংলাদেশিকে ডিপোর্ট করা গেলেও লাখ লাখ কথিত বিদেশি নাগরিককে কখনোই সে দেশে পাঠিয়ে দেওয়া সম্ভব নয়। গত মে মাসের দ্বিতীয় সপ্তাহেই আসামের সুতারকান্দি সীমান্ত চেকপোস্ট পেরিয়ে ২১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়। তার আড়াই মাসের মধ্যে করিমগঞ্জ থেকে আবার ৩০ জনকে ফেরত পাঠানো হলো, যাদের মধ্যে ২৬ জন মুসলিম ও চারজন হিন্দু ধর্মাবলম্বী। এরা সবাই আসামের শিলচর, কোকরাঝাড়, গোয়ালপাড়া, তেজপুর বা জোড়হাটের বিভিন্ন বিদেশি ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অবৈধভাবে ভারতে ঢোকার দায়ে পাসপোর্ট আইনে তাদের ন্যূনতম ছয় মাসের মেয়াদে জেলও খাটতে হয়েছে।