জানুয়ারির মধ্যেই চালু হবে ওয়ানস্টপ সার্ভিস

ব্যবসা সহজীকরণে আগামী বছরের শুরু থেকে ওয়ানস্টপ সেবা কার্যকর করার লক্ষ্য রয়েছে। ব্যবসা বাণিজ্যের সহজীকরণ (ডুয়িং বিজনেস) সূচকে উন্নতির জন্য ১৫ সদস্যের ন্যাশনাল কমিটি ফর মনিটরিং ইমপ্লিমেন্টেশন অব ডুয়িং বিজনেস রিফর্মস (এনসিএমআইডি) নামে গঠিত জাতীয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রাজধানীতে এ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বক্তব্য রাখেন কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম। ব্যবসা বাণিজ্য সহজীকরণ করতে বিদ্যুত্ সংযোগ, জমির ছাড়পত্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাজগুলো দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে সুপারিশ করেন তিনি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে বলেন, বিভিন্ন সেবাকে একটি প্রক্রিয়ায় আনতে হবে। সেবা পেতে পেতে বিদেশে মধ্যস্থতাকারীদের অর্থ দিতে হয়, এটি বৈধ। অর্থের বিনিময় দালালরা সব ধরনের সহায়তা করে। এতে সংশ্লিষ্টদের ভোগান্তি কমে আসে। এ ধরনের সেবা চালু করতে পারলে এটি দেশে বৈধ হতো।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দুই বছরের স্টিয়ারিং কমিটি বৈঠক করেছে মাত্র একবার। এ কমিটিতে আমলা ও মন্ত্রী ছাড়া কোনো ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি। এ অবস্থায় ডুয়িং বিজনেসে বাংলাদেশের অগ্রগতি অসম্ভব। স্টিয়ারিং কমিটিতে ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।