ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আর ছেলেধরা একই সূত্রে গাঁথা ----------সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, সাড়ে ৩ লাখ লোক ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার অনুমিত খবর প্রচার এবং পদ্মা সেতুর জন্য ছেলে ধরার গুজব ছড়ানো একইসূত্রে গাঁথা। মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। সাড়ে ৩ লাখ ডেঙ্গুতে আক্রান্ত, এটি সম্পূর্ণভাবে একটা কাল্পনিক তথ্য। এ ধরনের গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করা কোনোভাবেই কাম্য নয়।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ কথা বলেন। এদিকে বিকালে রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (এটকো) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একই বিষয়ে কথা বলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে জাতীয় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ওমর সানি, চিত্রনায়িকা মৌসুমী প্রমুখ। আগামী ৩১ জুলাই পর্যন্ত ‘জাতীয় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ সারা দেশব্যাপী  পালন করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ন্ত্রণে না থাকার অর্থ হচ্ছে আমরা হাল ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা হাল ছাড়িনি। সকল সংস্থা একযোগে কাজ করছে। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

মশক নিধনের ওষুধের কার্যকারিতা সম্পর্কে মন্ত্রী বলেন, ওষুধের কার্যকারিতা সম্বন্ধে আমরা নিশ্চিত। অভিযোগ পাওয়ার পর পুনরায় পরীক্ষা করে দেখা গেছে ওষুধ যা ব্যবহার করা হচ্ছে তা কার্যকর ওষুধ এবং এখানে কোনো সমস্যা নেই।

দুই সিটির সমন্বয়হীনতা নিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। অবশ্যই আমাদের লক্ষ্য একটাই কিভাবে মশা নিধন করতে পারব। আমাদের পথ ভিন্ন থাকতে পারে কিন্তু লক্ষ্য একটাই।

মাশরাফি বিন মর্তুজা বলেন, আজকের উদ্দেশ্যটা সবাই জানি। ডেঙ্গুতে অনেকেই মারা গেছেন এবং বাংলাদেশে প্রকট আকার ধারণ করেছে। আসুন ডেঙ্গু মশা মেরে ফেলি, সচেতন হই। আমার বিশ্বাস সবাই সচেতন হলে এটা কমে আসবে। সবাই নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখি।